তৈরি পোশাক শিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ন্যূনতম মজুরি বোর্ডের পক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, সোমবার সকালে বিজয়নগরে শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে মজুরি বোর্ডের তৃতীয় সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্যকারণবশত তা স্থগিত করা হয়েছে। শিগগিরই সভার তারিখ পুনর্নির্ধারণ করে সংশ্লিষ্টদের অবহিত করা হবে।
এর আগে সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের কার্যালয়ে সকাল ১১টায় শুরু এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে সপ্তম ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় দফার বৈঠক ছিল এটি।
আগের বৈঠকে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিলেও সময় চেয়েছিলেন মালিকপক্ষের প্রতিনিধিরা। সে হিসেবে আজকের বৈঠকেই নিজেদের লিখিত মজুরি প্রস্তাবনা জমা দেওয়ার কথা রয়েছে মালিকপক্ষের। এর আগে গত ৯ নভেম্বরের দ্বিতীয় বৈঠকে বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব জমা দেয় শ্রমিকপক্ষ।
তবে তাৎক্ষণিক কোনো প্রস্তাব না দিয়ে, অভ্যন্তরীণ আলোচনার জন্য বোর্ডের কাছে সময় চান মালিকপক্ষের প্রতিনিধিরা। বোর্ড থেকে তাদের চার কার্যদিবসের সময়সীমা বেঁধে দেওয়া হয়। মজুরি প্রস্তাব চূড়ান্ত করতে রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা নিজেদের মধ্যে বৈঠকও করেছেন।
এর আগে ২০২৩ সালের নভেম্বরে পোশাক শ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়।
এম