ছবি : প্রতিনিধি
পাবনা: পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে পরচুলা ও শিক্ষামূলক হেয়ার ম্যানিকুইন হেডস তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে শতভাগ মার্কিন মালিকানাধীন প্রতিষ্ঠান বিডি লেপাচু লিমিটেড।
বেপজা সূত্রে জানা গেছে, এ লক্ষ্যে রোববার (১৫ নভেম্বর ) রাজধানীর বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও প্রতিষ্ঠানটির মধ্যে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে বেপজার পক্ষে সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ মামুন এবং বিডি লেপাচু লিমিটেডের পক্ষে জেনারেল ম্যানেজার হে ঝি লং স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, কারখানাটিতে বছরে ১ লাখ শিক্ষামূলক হেয়ার ম্যানিকুইন হেডস উৎপাদন করা হবে। এসব পণ্য আন্তর্জাতিক কসমেটোলজি একাডেমি ও সেলুনের পাশাপাশি ল’রিয়েল, ওয়েলা, কাও ও হেনকেলের মতো বিশ্বখ্যাত বিউটি ব্র্যান্ডে সরবরাহ করা হবে। প্রতিষ্ঠানটি থেকে বছরে প্রায় ৭০ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানির প্রত্যাশা করছে বেপজা। পাশাপাশি ২৯৫ জন বাংলাদেশিসহ মোট ৩০০ জনের কর্মসংস্থান হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল। অনুষ্ঠানে বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মোঃ মোহসীন হাসান, বিএসপি, পিএসসি, আর্টিলারি; নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মসিহউদ্দিন বিন মেসবাহ; নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ এবং বেপজার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিডি লেপাচু লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় নির্বাহী চেয়ারম্যান বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়ে কারখানা স্থাপন ও ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
বেপজার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ঈশ্বরদী ইপিজেডে ২৭টি শিল্পপ্রতিষ্ঠান চালু রয়েছে এবং আরও ৮টি বাস্তবায়নাধীন। ইপিজেডটি থেকে এ পর্যন্ত ২ হাজার ৩৭১ দশমিক ৭৩ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এখানে প্রকৃত বিনিয়োগের পরিমাণ ২৮৭ মিলিয়ন ডলার এবং কর্মরত বাংলাদেশির সংখ্যা ২০ হাজার ৯২৮ জন।
বর্তমানে ইপিজেডটিতে বিদ্যমান চারটি প্রতিষ্ঠান ক্যাপ, পরচুলা (উইগ) এবং কসমেটিকস পণ্য উৎপাদন করছে; যা তৈরি পোশাকের বাইরে বৈচিত্র্যময় উৎপাদন শিল্পের উদীয়মান কেন্দ্র হিসেবে ঈশ্বরদী ইপিজেডের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।
এসআই