ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনের ১৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৮টির বেসরকারি ফলাফলে এগিয়ে আছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী সারজিস আলম।
প্রাপ্ত ফল অনুযায়ী, সারজিস আলম পেয়েছেন ৮ হাজার ৮৪৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী নওশাদ জমির পেয়েছেন ৭ হাজার ৮৩১ ভোট। এতে ১ হাজার ১৬ ভোটে এগিয়ে রয়েছেন সারজিস আলম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৮টি কেন্দ্রের বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ চিত্র দেখা যায়।
পঞ্চগড়-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন এবং কেন্দ্র ১৫৫টি। অপরদিকে পঞ্চগড়-2 আসনে ভোটার ৪ লাখ ১৪ হাজার ৩৫৬ জন এবং কেন্দ্র রয়েছে ১৩১টি।
এর মধ্যে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে।
দুটি জেলায় ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট শান্তিপূর্ণ ছিল। ভোট চলাকালে পৃথক ঘটনায় অসুস্থ হয়ে চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগও এসেছে।
দুপুর ২টা পর্যন্ত ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রের তথ্যে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এসএইচ
আপনার মতামত লিখুন :