বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে উপস্থিতি নিয়ে ওঠা অভিযোগের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বুয়েটে তারাবির নামাজ আদায় করতে যান তিনি। এ সময় তার উপস্থিতিতে রাজনৈতিক স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ছাত্রলীগের হাতে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ-এর ভাই আবরার ফাইয়াজসহ কয়েকজন শিক্ষার্থী।
ফেসবুকে দেওয়া এক পোস্টে আবরার ফাইয়াজ দাবি করেন, ছাত্ররাজনীতিমুক্ত বুয়েট ক্যাম্পাস দীর্ঘ আন্দোলন ও ত্যাগের বিনিময়ে অর্জিত। সেখানে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন না করার বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, নামাজ আদায়ে আপত্তি না থাকলেও নামাজ শেষে স্লোগান বা মিছিল দেওয়া উচিত হয়নি।
অভিযোগের পর রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করেন নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি জানান, বুয়েটের কয়েকজন শিক্ষার্থীর আমন্ত্রণে তারাবির নামাজে অংশ নেন। সেখানে পৌঁছানোর পর তাকে জানানো হয়, অরাজনৈতিক ক্যাম্পাসে কোনো বক্তব্য দেওয়া যাবে না। তিনি তা মেনে নেন এবং শুধু নামাজ আদায় করে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।
তার দাবি, নামাজ শেষে তিনি কোনো বক্তব্য দেননি এবং মিডিয়ার সঙ্গে কথা বলার অনুরোধও প্রত্যাখ্যান করেন। কেবল শহীদ আবরার ফাহাদ ও ৫৭ সেনা কর্মকর্তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। পরে পলাশীতে গিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এ সময় কেউ ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিলে তিনি নিজেই তা থামিয়ে দেন বলে উল্লেখ করেন।
নাসীরুদ্দীর বলেন, বুয়েটের অরাজনৈতিক অবস্থানকে তিনি সর্বোচ্চ সম্মান করেন। এ ঘটনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সে বিষয়ে তিনি শিক্ষার্থীদের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথাও উল্লেখ করেন।
এম
আপনার মতামত লিখুন :