ফাইল ছবি
জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর (রাজশাহী-১) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান বাংলাদেশে প্রচলিত আইনের পরিবর্তে কুরআনের আইন প্রতিষ্ঠার জোরালো দাবি জানিয়েছেন। বুধবার সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, মানুষের তৈরি আইনের অবসান ঘটিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। এ সময় তিনি বিরোধী দল বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেহেতু তারা আল্লাহর আইনের বিরোধিতা করবেন না বলেছেন, তাই বাংলাদেশে কুরআনের আইন প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসা উচিত।
জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান এ সময় দেশে ইসলামী আইন প্রবর্তনের লক্ষ্যে একটি 'ইসলামী বোর্ড' গঠনের প্রস্তাব দেন। তিনি বলেন, সংসদে থাকা আলেম এমপি এবং দেশের বিভিন্ন মাযহাব ও আহলে হাদিসের বিশিষ্ট ওলামাদের নিয়ে এই বোর্ড গঠন করা যেতে পারে, যারা সরকারকে আইন প্রণয়নে প্রয়োজনীয় পরামর্শ দেবেন।
সংসদ লবিতে খচিত আল্লাহর প্রতি পূর্ণ আস্থার বাণীর কথা উল্লেখ করে তিনি আক্ষেপ প্রকাশ করেন যে, ৯০ শতাংশ মুসলিমের দেশে কুরআনের বিধান এখনো পুরোপুরি চালু হয়নি। তিনি বলেন, কুরআনের ৬৬৬৬টি আয়াতের মধ্যে নির্দেশনামূলক ও নিষেধমূলক যে এক হাজার করে আয়াত রয়েছে, সেগুলো রাষ্ট্রীয়ভাবে কার্যকর করা প্রয়োজন। সূরা হজের উদ্ধৃতি দিয়ে তিনি প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দেন যে, রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন নামাজ ও জাকাত ব্যবস্থা চালু করা এবং সামাজিক অনাচার বন্ধ করা শাসকদের অন্যতম প্রধান দায়িত্ব।
মুজিবুর রহমান তার বক্তব্যে দেশে প্রচলিত সুদ, ঘুষ, মদ ও চাঁদাবাজির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, চাঁদাবাজ বা অপরাধীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না, তাদের কঠোরভাবে দমন করতে হবে। এছাড়া জান্নাতের টিকিট বিক্রি সংক্রান্ত সমালোচনার জবাবে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, জামায়াতের কোনো নেতা কখনো জান্নাতের টিকিট বিক্রির কথা বলেননি। এটি মূলত কুরআনের একটি আয়াতের অপব্যাখ্যা থেকে সৃষ্টি হয়েছে। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সংবিধান সংস্কার ও গণভোটের গুরুত্ব তুলে ধরে সংসদীয় শপথের পবিত্রতা রক্ষার আহ্বান জানান।
এসএইচ
আপনার মতামত লিখুন :