১৫ বছরের নিচে হজে অংশ নিতে সৌদির নিষেধাজ্ঞা

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২, ২০২৬, ০৬:৩৫ পিএম
১৫ বছরের নিচে হজে অংশ নিতে সৌদির নিষেধাজ্ঞা

ফাইল ছবি

আসন্ন ২০২৬ সালের হজ মৌসুমকে সামনে রেখে বয়সসীমায় বড় ধরনের পরিবর্তন এনেছে সৌদি আরব। নতুন নীতিমালা অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী কোনো শিশু এবার পবিত্র হজ পালনে অংশ নিতে পারবে না। আজ রোববার (২ মে) সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই কড়াকড়ির কথা জানিয়েছে। 

কর্তৃপক্ষ বলছে, হজের সময় মরুভূমির তীব্র গরম, লাখো মানুষের বিশাল জনসমাগম এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ছোট শিশুদের শারীরিক নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি নিশ্চিত করাই এই নতুন নীতির মূল লক্ষ্য।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, ২০২৬ সালের হজে যারা অংশ নিতে চান, আরাফার দিনের (হিজরি ১৪৪৭ সনের নির্ধারিত তারিখ) মধ্যে তাদের বয়স অবশ্যই ন্যূনতম ১৫ বছর পূর্ণ হতে হবে। এই বয়সের নিচে কাউকেই হজের পারমিট বা অনুমতি দেওয়া হবে না। সংশ্লিষ্ট দেশগুলোর হজ মিশনকেও ইতোমধ্যে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে হজের সময় প্রচণ্ড তাপপ্রবাহ এবং ভিড়ের চাপে বয়স্ক ও শিশুদের অসুস্থ হয়ে পড়ার হার বৃদ্ধি পেয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই সৌদি সরকার নিরাপত্তাব্যবস্থা আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে। নতুন এই বয়সসীমা নির্ধারণ সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনারই একটি অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে অনুষ্ঠিত হতে পারে পবিত্র হজ। ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবে সমবেত হতে শুরু করেছেন। তবে নতুন এই নির্দেশনার ফলে যারা সন্তানদের সঙ্গে নিয়ে হজ পালনের পরিকল্পনা করেছিলেন, তাদের ওপর বড় প্রভাব পড়বে। সূত্র: রোজনামায়ে জং

এসএইচ 

Link copied!