সৌদি আরব পৌঁছেছেন ৪০ হাজার ১৭৮ হজযাত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৬:২৯ পিএম
সৌদি আরব পৌঁছেছেন ৪০ হাজার ১৭৮ হজযাত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৪০ হাজার ১৭৮ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৬টা পর্যন্ত ১০০টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।

হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত সাতজন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে পাঁচজন মক্কায় এবং দুজন মদিনায় মারা যান। এদের সবাই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন।

সেখানে আরও বলা হয়, সৌদি মেডিকেল টিম ৫ হাজার ৪৮৬ জন হজযাত্রীকে এবং আইটি হেল্পডেস্ক ৮ হাজার ৫৮০ জন হজযাত্রীকে চিকিৎসা সুবিধা দিয়েছে।

মো. লোকমান হোসেন বলেন, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। হজ কার্যক্রম ব্যবস্থাপনায় ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারীসহ মোট ৬৬০টি এজেন্সি কাজ করছে।

বিমান সংস্থাভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৫টি ফ্লাইটে ১৮ হাজার ৫৮৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৭টি ফ্লাইটে ১৪ হাজার ৪৫২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৪২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

পরিচালক আরও জানান, বাকি ৩৮ হাজার ৩২২ জন হজযাত্রী নির্ধারিত বিমান সংস্থাগুলোর মাধ্যমে পর্যায়ক্রমে সৌদি আরবে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে, গত ১৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান হজ ফ্লাইটের উদ্বোধন করেন।

হজ অফিসের তথ্যমতে, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস এ পর্যন্ত মোট ৭৮ হাজার ২৯৭টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে ৪ হাজার ৪১৯টি সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৮৭৮টি বেসরকারি ব্যবস্থাপনায় ইস্যু করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পিএস

Link copied!