দুর্দান্ত গোল মেসির, এগিয়ে গেল আর্জেন্টিনা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৭:২৭ এএম
দুর্দান্ত গোল মেসির, এগিয়ে গেল আর্জেন্টিনা

রেকর্ড ষষ্ঠ আসর খেলতে নামা বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি পঞ্চম মিনিটেই স্কোরশিটে নাম তুলেছিলেন। তবে সেই উদযাপন বেশিক্ষণ টেকেনি, রেফারি জানালেন এটি অফসাইড। তবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। ১৬ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটে মেসিই এগিয়ে দিলেন আলবিসেলেস্তেদের।

কানসাস সিটিতে আর্জেন্টিনা ও আলজেরিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে। শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণ শুরুর পর গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি। নিজের ২০০তম ম্যাচ খেলতে নেমে মেসি দেখালেন সেই চিরচেনা বাঁ পায়ের জাদু।

বলটি মিডফিল্ড থেকে বাড়িয়েছিলেন রদ্রিগো ডি পল। কিছুটা এগিয়ে গিয়ে ২৫ গজ দূর থেকেই মেসি শটটা নেন, আলজেরিয়ার গোলরক্ষক ও জিনেদিন জিদানপুত্র লুকা জিদান তাতে হাত ছুঁঁয়েছেন। কিন্তু মেসির দুর্দান্ত শট তাকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।

আর্জেন্টিনার একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।

আলজেরিয়া একাদশ
লুকা জিদান, রাফিক বেলঘালি, আইসা মান্দি, রামি বেনসেবাইনি, রায়ান আইত-নৌরি, হিচাম বৌদাউই, ইব্রাহিম মাজা, নাবিল বেনতালেব, আনিস হাজ মৌসা, আমিন গুইরি ও ফারেস শাইবি।

এম

Link copied!