ছবি: প্রতিনিধি
লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ৪৯৬ কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ।
সকাল থেকে লক্ষ্মীপুর-৩ আসনের লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকার বালিকা উচ্চ বিদ্যালয়, সমসেরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়, এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরচামিতা বেগম অজিফা উচ্চ বিদ্যালয়, ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়, আবিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীপুর-২ আসনের নন্দনপুর উচ্চ বিদ্যালয়, উত্তর টুমচর হিলফুল ফুজুল মাদ্রাসা, এন কে উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর-৪ আসনের তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং জাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষণীয় ছিল। সব কেন্দ্রেই ভোটারদের ভিড় দেখা গেছে।
তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, তোরাবগঞ্জ ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের কেন্দ্রটিতে ভোটার সংখ্যা ৫ হাজার ৫৭ জন। গত চার ঘণ্টায় প্রায় ১ হাজার ৬০০ ভোট পড়েছে।
চরচামিতা বেগম অজিফা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাহনেওয়াজ আহমেদ বলেন, এখানে ৩ হাজার ৪১৪ জন ভোটার রয়েছেন। অধিকাংশ ভোট কাস্ট হয়েছে এবং এখানে সবচেয়ে বেশি নারী ভোটার অংশগ্রহণ করেছেন।
উত্তর টুমচর হিলফুল ফুজুল মাদ্রাসার প্রিসাইডিং অফিসার নাসির উদ্দিন জানান, তিনটি ওয়ার্ড মিলিয়ে কেন্দ্রের ভোটার সংখ্যা ৪ হাজার ৭০ জন। সকাল থেকেই ভোটারদের ভিড় ছিল এবং শান্তিপূর্ণভাবে সবাই ভোটাধিকার প্রয়োগ করছেন।
লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ বলেন, জেলার ৪৯৬টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং সবকিছু শান্তিপূর্ণভাবে চলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে।
প্রসঙ্গত, লক্ষ্মীপুরে চারটি আসনের ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পোস্টাল ভোট বাদে জেলায় এবারের ভোটার সংখ্যা ১৬ লাখ ৫ হাজার ১২১ জন।
এসএইচ
আপনার মতামত লিখুন :