ছবি: প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলার সীমান্তবর্তী চর আজমল এলাকায় চারটি পরিবারের দীর্ঘদিনের চলাচলের রাস্তায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ করায় মিথ্যা সংবাদ প্রচার ও মানহানিকর মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
রোববার দুপুরে সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর মজিদ গ্রামে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় সমাজপতি মো. নিজাম উদ্দিন, আলাউদ্দিন এবং ভুক্তভোগী পরিবারের সদস্য মো. ইলিয়াস, মো. আজাদ, জোসনা বেগম, ইয়াসমিন আক্তার ও সাবানা বেগম।
বক্তারা অভিযোগ করেন, চর আজমল গ্রামের সরকারি নথিভুক্ত একটি জমির সীমানা দিয়ে প্রায় ১৮ বছর ধরে স্থানীয় আবু বক্কর ছিদ্দিকের ছেলে মো. ইলিয়াসসহ চারটি পরিবারের সদস্যরা চলাচল করে আসছেন। তবে দীর্ঘদিন রাস্তাটি অনুপযোগী থাকায় তারা নানা ভোগান্তিতে পড়েছেন। বর্ষা মৌসুমে ছোট ছোট শিশুদের বুকসমান পানি পেরিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হতো। এমনকি গত বর্ষায় এক গর্ভবতী নারীকে নিয়ে পরিবারটি চরম দুর্ভোগে পড়েছিল।
তাদের অভিযোগ, সরকারি বন্দোবস্তের ওই জমি ৯৯ বছর পূর্ণ হওয়ার আগে বিক্রি করার সুযোগ না থাকলেও স্থানীয় আবুল খায়ের কয়েক বছর আগে অনিয়মের মাধ্যমে জমিটি ক্রয় করেন। পরে তিনি জমির উত্তর পাশের সীমানা দিয়ে তাদের চলাচলে বাধা দেন।
ভুক্তভোগীরা জানান, বিষয়টি সমাধানের জন্য তারা জমিটি দ্বিগুণ দামে কেনা অথবা সমপরিমাণ জমি বিনিময়ের প্রস্তাব দেন। কিন্তু আবুল খায়ের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে স্থানীয় সমাজপতিদের কাছে বিচার চাওয়া হলেও কোনো সমাধান হয়নি। এমনকি চরজব্বর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও অভিযুক্ত পক্ষ সেখানে হাজির হয়নি।
ভুক্তভোগীদের দাবি, স্থানীয়দের পরামর্শে তারা মাটি ভরাট করে রাস্তাটি চলাচলের উপযোগী করলে আবুল খায়ের ও তার ছেলেরা হামলা-মামলার হুমকি দেন। পাশাপাশি তাদের পরিবারের নারীদের ধর্ষণের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা। সাম্প্রতিক সময়ে আবুল খায়েরের মেয়েকে দিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে সংবাদ প্রচার করিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে অংশ নেওয়া গ্রামবাসীরা দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার এবং চার পরিবারের চলাচলের রাস্তা উন্মুক্ত করার দাবি জানান। এতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। বক্তারা বলেন, বিষয়টি দ্রুত সমাধান না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
এসএইচ
আপনার মতামত লিখুন :