রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

  • রাজশাহী ব্যুরো  | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৮:৪১ পিএম
রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

ছবি : প্রতিনিধি

রাজশাহী: রাজশাহীতে এক দিনের ব্যবধানে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গেছে। শুক্রবার (৩ এপ্রিল) বেলা তিনটার দিকে সর্বোচ্চ ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা । এর আগে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে। মাঝে কালবৈশাখীর প্রভাবে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমলেও গত কয়েক দিন ধরে আবার বাড়ছে এবং এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া কার্যালয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি হলে মাঝারি, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি হলে তীব্র এবং ৪২ ডিগ্রি বা তার বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহ ধরা হয়। সেই হিসাবে বর্তমানে রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ রহিদুল ইসলাম জানান, “ বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ তা বেড়ে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস হয়েছে, যা এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।”

তাপমাত্রা বৃদ্ধির প্রভাব পড়েছে জীবনযাত্রায়ও। নগরের বিভিন্ন এলাকায় মানুষকে রোদ থেকে বাঁচতে ছাতা, ক্যাপ ও ঢিলেঢালা পোশাক ব্যবহার করতে দেখা গেছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় মানুষের চলাচল কম থাকলেও তীব্র গরমে তা আরও কমেছে। নিম্নআয়ের মানুষদের দুর্ভোগ বেড়েছে। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, “হাসপাতালে হিটস্ট্রোক কর্নার চালু রয়েছে। তবে এখনো এ ধরনের রোগী আসেননি। গরম বাড়লে শ্বাসকষ্ট ও ডায়রিয়ার রোগী বাড়তে পারে- সে অনুযায়ী আমরা হাসপাতালে প্রস্তুতি নিয়েছি।

জেএ/এসআই

Link copied!