ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ, সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

  • লক্ষ্মীপুর প্রতিনিধি: | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৩:৫০ পিএম
ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ, সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরে ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে আহত করার পর ছাদ থেকে লাফিয়ে পড়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। সোমবার সকালে লক্ষ্মীপুর পৌরসভা-এর বাঞ্চানগর এলাকার পেশকার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম নাছির আহমদ (৫৫)। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব এখলাসপুর গ্রামের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল ছিলেন। আহতদের মধ্যে তার ছেলে কলেজছাত্র ইমরান আহমেদসহ আরও দুইজন রয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে নাছির আহমদ ও তার ছেলে ইমরান বাসায় ছিলেন। ভোরের দিকে ঘুমন্ত অবস্থায় ইমরানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন নাছির। রক্তাক্ত অবস্থায় ইমরান বাসা থেকে বের হয়ে গেলে প্রতিবেশী মিজানুর রহমান স্বপন তাকে সাহায্য করতে এগিয়ে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে ঘটনাস্থলে আরও একজন এগিয়ে এলে তাকেও আক্রমণ করেন তিনি।

এরপর নাছির আহমদ বাসার তিনতলা ছাদে উঠে লাফ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে ও অন্যদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতাল-এর আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. অরূপ পাল বলেন, আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজন মারা যান এবং অন্যদের মধ্যে দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

এসএইচ 

Link copied!