শরীয়তপুরে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি শিশুর মৃত্যু

  • শরীয়তপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৬:১৪ পিএম
শরীয়তপুরে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি শিশুর মৃত্যু

ছবি: প্রতিনিধি

শরীয়তপুর সদর হাসপাতালে হাম রোগের উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার ছয় দিন পর জাহিদ নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন মিতু আক্তার, শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা। এর আগে মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

নিহত জাহিদ সদর উপজেলার আংগারিয়া এলাকার জয়নাল মিয়ার ছেলে। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল তীব্র জ্বর ও কাশিসহ হাম রোগের উপসর্গ দেখা দিলে তার অবস্থার অবনতি হয়। পরে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ছয় দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় এ পর্যন্ত হাম রোগের উপসর্গ নিয়ে ১৬৭ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে ৬৯ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে নয়জন আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে এসেছেন। সদর হাসপাতালে বর্তমানে ২০ জন হাম রোগী ভর্তি রয়েছেন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন রেহান উদ্দিন জানান, শিশুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। তবে ফলাফল আসার আগেই তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাম রোগীদের জন্য পৃথক আইসোলেশন কক্ষের ব্যবস্থা রাখা হয়েছে এবং প্রতিদিনই নতুন রোগী আসছে।
 

এসএইচ 

Link copied!