ছবি প্রতিনিধি
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট ১৭ শিশুর মৃত্যু হলো। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে ৮৪ শিশু।
রোববার (২৬ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এ তথ্য জানান। তিনি বলেন, গত ২১ এপ্রিল সাড়ে তিন বছরের এক শিশু মেয়েকে হামের উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে ময়মনসিংহের ত্রিশাল থেকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, গত ১৭ মার্চ থেকে ২৬ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৫৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩ শিশু। এ পর্যন্ত মোট ৭৫৫ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, তিনটি মেডিকেল টিম গঠন করে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। চিকিৎসক ও নার্সরা সমন্বিতভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।
এসএইচ
আপনার মতামত লিখুন :