সংগৃহীত ছবি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত নার্স ও এক পুলিশ কনস্টেবলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার রাতে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডের অর্থোসার্জারি ইউনিটে এই অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর শাহমখদুম থানায় কর্মরত কনস্টেবল আমিনুল ইসলাম তার অসুস্থ মা নূরেসা বেগমকে দাঁতের সমস্যাজনিত কারণে হাসপাতালে ভর্তি করেছিলেন। রাত সাড়ে আটটার দিকে জরুরি বিভাগ থেকে তাকে ৩১ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। স্বজনদের অভিযোগ, ভর্তির পর দীর্ঘক্ষণ অতিবাহিত হলেও সুচিকিৎসা মেলেনি। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় নূরেসা বেগম মারা গেলে চিকিৎসার অবহেলার অভিযোগ তোলেন আমিনুল। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স রাকিব আহম্মেদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
ভুক্তভোগী নার্স রাকিব আহম্মেদের দাবি, তিনি ওয়ার্ডে পৌঁছানোর আগেই রোগীর পালস পাওয়া যাচ্ছিল না। মৃত্যু নিশ্চিত করার প্রক্রিয়া চলাকালীন কোনো কারণ ছাড়াই পুলিশ সদস্য তাকে শারীরিক লাঞ্ছিত করেন। অন্যদিকে আমিনুল ইসলামের অভিযোগ, তার মায়ের অবস্থা সংকটাপন্ন থাকলেও নার্সরা দায়িত্ব এড়ানোর চেষ্টা করছিলেন এবং দুর্ব্যবহার করেছেন।
ঘটনার পর হাসপাতালের অন্য নার্স ও ব্রাদাররা এসে ওই পুলিশ সদস্যকে আটকে রেখে পুলিশ বক্সে খবর দেন। পরে আনসার ও পুলিশ সদস্যরা গিয়ে তাকে হেফাজতে নেন। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং হাসপাতাল কর্তৃপক্ষ দীর্ঘ আলোচনায় বসেন। শেষ পর্যন্ত মানবিক দিক বিবেচনায় এবং ওই পুলিশ সদস্যের দুঃখ প্রকাশের প্রেক্ষিতে বিষয়টি মীমাংসা হয়। মধ্যরাতে তিনি মায়ের লাশ নিয়ে নাটোরের দিঘাপতিয়ায় গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন।
হাসপাতাল কর্তৃপক্ষ শুরুতে মামলা করার সিদ্ধান্ত নিলেও পরে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসে নমনীয় হয়। মঙ্গলবার অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে নগর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন নার্স রাকিব আহম্মেদ।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, মায়ের মৃত্যুতে আবেগপ্রবণ হয়ে ওই পুলিশ সদস্য আইনবহির্ভূত কাজ করেছেন। যেহেতু তিনি একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্য, তাই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস ছুটিতে থাকায় এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারেননি। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :