ছবি: প্রতিনিধি
কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী এলাকায় বিভিন্ন অনিয়মের দায়ে মেসার্স আর আর ফিলিং স্টেশনকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে আর আর ফিলিং স্টেশনে জ্বালানি তেলের ওজন, পরিমাপ ও মজুত সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করা হয়। এ সময় দেখা যায়, প্রতি ১০ লিটার পেট্রোলে ৩৫২ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ৫০ মিলিলিটার কম সরবরাহ করা হচ্ছিল, যা ভোক্তা প্রতারণার শামিল।
অভিযানে আরও দেখা যায়, ফিলিং স্টেশনের আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের কোনো বৈধ ক্যালিব্রেশন চার্ট ছিল না। ব্যবহৃত ট্রাক ওয়েব্রিজেরও কোনো ভেরিফিকেশন সনদ পাওয়া যায়নি। এ ছাড়া স্টেশনের অগ্নিনির্বাপক যন্ত্রপাতিগুলো মেয়াদোত্তীর্ণ অবস্থায় ছিল, যা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দেয়।
এসব অপরাধের দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের প্রকৌশলী তাহাজিবুল ইসলাম ও প্রকৌশলী তাদমিরা শারমিন।
অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারি বিধি অনুযায়ী সঠিক পরিমাপে জ্বালানি তেল বিক্রির কঠোর নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে দ্রুত বিএসটিআই থেকে প্রয়োজনীয় সনদ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এসএইচ
আপনার মতামত লিখুন :