ছবি : প্রতিনিধি
ঢাকা: সীতাকুণ্ডে একটি স্ক্র্যাপ (ভাঙারি) লোহার দোকানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মো. আরমান (৩০) নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় কামাল উদ্দিন (৪৪) ও হেলাল উদ্দিন (১৯) নামে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২ মে) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার বড় কুমিরা ইউনিয়নের মাজার গেইট এলাকায় কর্ণফুলী স্টিল মিলসের সামনে অবস্থিত ‘ইসমাঈল আয়রন মার্ট’ নামক একটি ভাঙারি দোকানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান কুমিল্লার মৃত বাচ্চু মিয়ার ছেলে। আহত কামাল উদ্দিন ও হেলাল উদ্দিন সম্পর্কে চাচা-ভাতিজা এবং তাদের বাড়ি কুমিরা এলাকায়। আহতদের উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙারি দোকানে লোহা কাটার কাজে ব্যবহারের জন্য একটি ভ্যানগাড়িতে করে অক্সিজেন সিলিন্ডার আনা হয়েছিল। সিলিন্ডার নামানোর সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আরমান নিহত হন এবং আরও দুইজন গুরুতর আহত হন। বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের ধারণা, সিলিন্ডারগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ায় এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই নজরুল ইসলাম এবং কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। একজন নিহত ও দুইজন আহত হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পিএস
আপনার মতামত লিখুন :