মেঘনায় ঝড়ে নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ

  • বরিশাল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৩:১০ পিএম
মেঘনায় ঝড়ে নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ

ছবি : প্রতিনিধি

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে একটি জেলে নৌকা ডুবে নিখোঁজ দুই জেলের সন্ধান এখনও মেলেনি।

রোববার (৩ মে) বেলা সাড়ে ১২ টার দিকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হিজলা নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) গৌতম চন্দ্র মন্ডল। এর আগে শনিবার (২ মে) বিকেলে উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাট সংলগ্ন নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন-মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তরচর গ্রামের আলম মালতিয়ারের ছেলে শিপন (২০) ও একই গ্রামের আবদুর রহিম সরদারের ছেলে জুয়েল সরদার (২১)।

নৌকা থেকে জীবিত ফিরে আসা জেলে মামুন জানান, বিকেলে তারা চারজন মিলে নদীতে জাল তুলছিলেন। হঠাৎ আকাশ কালো করে প্রচন্ড বেগে কালবৈশাখী শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায় এবং চারজনই নদীতে ছিটকে পরেন।

মামুন ও আজিম নামে দুই জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চোখের পলকেই শিপন ও জুয়েল উত্তাল মেঘনায় তলিয়ে যায়।

নিখোঁজ জুয়েলের স্বজন মো. আফসার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ট্রলার নিয়ে তারা উদ্ধারকাজ শুরু করেন। কিন্তু নদীতে তীব্র স্রোত থাকায় রাত ১২টা পর্যন্ত তল্লাশী চালিয়েও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মো. স্বপন বাঘা জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি দ্রুত ফায়ার সার্ভিস ও বিশেষজ্ঞ ডুবুরি দলের সহায়তা চেয়েছেন।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজুর রহমান বলেন, ঘটনাটি জানার পরপরই আমরা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

হিজলা নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল বলেন, নিখোঁজদের উদ্ধার নদী তীরবর্তী এলাকায় মাইকিং ও নদীতে তল্লাশী অভিযান চলমান রয়েছে।

পিএস

Link copied!