ছবি : প্রতিনিধি
পাথরঘাটা: বরগুনার পাথরঘাটায় বাড়িতে ঢুকে বাগানের গাছ কাটার প্রতিবাদ করায় এক বৃদ্ধকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। আহত ওই ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, গত রোববার (১০ মে) সকাল নয়টার দিকে উপজেলার রায়হানপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ওই দিন সকাল ৯টার দিকে স্থানীয় সৈয়দ সুমনের নেতৃত্বে কয়েকজন তাদের বাড়িতে প্রবেশ করে বাগানের গাছ কাটতে শুরু করে। গাছ কাটার শব্দ শুনে বাড়ির মালিক সৈয়দ মোয়াজ্জেম হোসেন কারণ জানতে চাইলে অভিযুক্তরা তাকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে লাঠি ও হাতুড়ি দিয়ে তার হাত-পা, পিঠ ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
নির্যাতিত সৈয়দ মোয়াজ্জেমের মেয়ে মাইসা মরিয়ম বলেন, আমাদের গাছ কাটতে বাধা দেয়ায় বাবাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। এখন আমাদের পরিবারকে হুমকি দেয়া হচ্ছে। ভয়ে আমরা বাড়িতে থাকতে পারছি না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সৈয়দ সুমন মুঠোফোনে জানান, তার জমির গাছ তিনি কেটেছেন। সৈয়দ মোয়াজ্জেমকে তিনি নির্যাতন করেননি, এমন অভিযোগ মিথ্যা দাবি করেন।
এ বিষয়ে কথা বলতে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হকের মুঠোফোনে কল করা হলে বলেন, এই ঘটনা সম্পর্কে আমাদের কেউ অবহিত করেনি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পিএস
আপনার মতামত লিখুন :