রেললাইনে বালুভর্তি ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

  • কুড়িগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ১২:৫৪ পিএম
রেললাইনে বালুভর্তি ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

ছবি প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে গেছে। এতে কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এই দুর্ঘটনার কারণে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। নির্ধারিত সময়ে স্টেশনে এসে ট্রেন না পেয়ে অনেক যাত্রী বিকল্প পরিবহনে তিস্তা রেলওয়ে স্টেশনের দিকে রওনা হন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজারহাট উপজেলার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও রেলওয়ে সূত্রে জানা গেছে, সকালে নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ট্রাকটি রেললাইনের ওপর উল্টে পড়লে রেলপথটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে কুড়িগ্রামের সঙ্গে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে এবং কুড়িগ্রাম এক্সপ্রেস নির্ধারিত সময়ে স্টেশনে পৌঁছাতে পারেনি। প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিটে কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় কুড়িগ্রাম এক্সপ্রেস। কিন্তু দুর্ঘটনার কারণে ট্রেনটি কুড়িগ্রাম স্টেশনে আসতে পারেনি।

সকালে ট্রেন ধরতে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে আসা যাত্রীরা হঠাৎ জানতে পারেন, ট্রেনটি কুড়িগ্রাম পর্যন্ত আসতে পারবে না। এতে মুহূর্তের মধ্যে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি ও ভোগান্তি তৈরি হয়। জরুরি কাজে ঢাকাগামী অনেক যাত্রী চরম বিপাকে পড়েন। রেললাইন বন্ধ থাকায় সকাল থেকেই যাত্রীদের অটোরিকশা, বাস ও অন্যান্য যানবাহনে তিস্তা রেলওয়ে স্টেশনে যেতে দেখা যায়। আকস্মিক এই পরিস্থিতিতে অনেককে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি।

কুড়িগ্রাম স্টেশনে আসা ঢাকাগামী যাত্রী জাহাঙ্গীর আলম জানান, যথাসময়ে কুড়িগ্রাম স্টেশনে এসে তিনি জানতে পারেন কুড়িগ্রাম এক্সপ্রেস আসবে না। পরে বাধ্য হয়ে অটোরিকশায় তিস্তা স্টেশনের উদ্দেশে রওনা দেন। তাঁর মতো শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন বলে তিনি উল্লেখ করেন।

কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কনিকা বলেন, বালুভর্তি একটি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ায় লাইন ব্লক হয়ে গেছে। ট্রাকটি সরানোর কাজ চলছে এবং রেল চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কখন নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এদিকে একটি ট্রাক দুর্ঘটনার কারণে রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। দ্রুত রেলপথ সচল করে স্বাভাবিক ট্রেন চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা।

এসএইচ 

Link copied!