ছবি : প্রতিনিধি
রাজশাহী: রাজশাহীতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সংঘটিত এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত যুবকের পরিবারের দায়ের করা হত্যা মামলায় শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত তিন শিক্ষার্থীকে আটক করা হয়।
নিহত রাকিবুল হাসান রকি (৩২) নগরের হেতেমখাঁ কারিগরপাড়া এলাকার বাসিন্দা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থী আতিক, সৈয়ব ও ফাহিম।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চুরির সন্দেহে রাকিবুল হাসানকে আটক করেন কয়েকজন শিক্ষার্থী। পরে তাকে স্ট্যাম্প দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তার দুই হাত, দুই পা ও পিঠে গুরুতর আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজের মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের বোন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তদন্তের ভিত্তিতে শুক্রবার সকালে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার বিস্তারিত তথ্য ও তদন্তের অগ্রগতি সম্পর্কে পরে রাজশাহী মহানগর পুলিশের মিডিয়া শাখা আনুষ্ঠানিকভাবে জানাবে।
পিএস
আপনার মতামত লিখুন :