ফাইল ছবি
পিরোজপুরের জিয়ানগর ব্রিজ সংলগ্ন বলেশ্বর নদীতে সামুদ্রিক মাছ ধরার ট্রলার থেকে পড়ে নিখোঁজের প্রায় আট ঘণ্টা পর মাহালুম ব্যাপারি (৬০) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জিয়ানগর ব্রিজ সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। মৃত মাহালুম ব্যাপারি পার্শ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের বুরজুক আলী ব্যাপারির ছেলে।
স্থনীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ‘মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার নিয়ে জিয়ানগর ব্রিজের তিন নম্বর পিলারের নিচ থেকে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতিকালে অসাবধানতাবশত মাহালুম ব্যাপারি ট্রলার থেকে বলেশ্বর নদীতে পড়ে যান।
ট্রলারের মাঝি হাফিজুল ব্যাপারি জানান, সকাল ১০টার দিকে ট্রলার নিয়ে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হঠাৎ মাহালুম ব্যাপারি নদীতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধারের চেষ্টা করা হলেও তিনি পানিতে তলিয়ে যান।
ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এরপর একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে ওই পিলারের নিচ থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়।
জিয়ানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নুরুজ্জামান শরিফ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে পটুয়াখালী থেকে ৪ জনের একটি ডুবুরি দল এনে দীর্ঘ ৭-৮ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করার পর মরদেহটি উদ্ধার করতে সক্ষম হন তারা।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পুলিশের মাধ্যমে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :