বরিশালে মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২

  • বরিশাল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৮:৫২ পিএম
বরিশালে মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২

ছবি : প্রতিনিধি

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ সদস্য ও স্থানীয় লোকজনসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের বাসিন্দা রিয়াজ ফকির (২৬) নামে এক যুবককে চুরির মামলায় বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। পরে তাকে আগৈলঝাড়া থানার হাজতে রাখা হয়।

পুলিশের দাবি, রাতের দিকে হাজতে থাকা অবস্থায় রিয়াজ নিজের মাথায় আঘাত করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার বিকালে পর রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব এলাকায় ছড়িয়ে পড়লে তার স্বজন ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে শতাধিক মানুষ মিছিল নিয়ে আগৈলঝাড়া থানার সামনে জড়ো হন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে থানার ভেতরে প্রবেশ করে বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটে।

এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে থানার ডিউটি অফিসার এএসআই আব্দুল হালিম, কনস্টেবল লিমন মিয়া, ফরহাদ হোসেন, মনির হোসেন, আল-আমিন হোসেন ও মেহেদী হাসান আহত হন। আহতদের মধ্যে এএসআই আব্দুল হালিমকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে সংঘর্ষে রিয়াজ ফকিরের মা নাছরিন বেগম, বোন শারমিন আক্তার, মমতাজ বেগমসহ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন, আর কিছু আহত ব্যক্তি ব্যক্তিগতভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

রিয়াজ ফকিরের পরিবারের অভিযোগ, তাকে অন্যায়ভাবে আটক করে নির্যাতন করা হয়েছে। তার মা নাছরিন বেগম ও বাবা সিদ্দিক ফকির দাবি করেন, তাদের ছেলেকে মারধরের কারণে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদ খান বলেন, রিয়াজ ফকিরকে একটি চুরির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। হাজতে থাকা অবস্থায় তিনি নিজেই নিজের মাথায় আঘাত করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তার মৃত্যুর গুজব ছড়িয়ে পরিকল্পিতভাবে একদল লোক থানায় হামলা চালায় এবং কয়েকজন পুলিশ সদস্যকে আহত করে।

ওসি আরও জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পিএস

Link copied!