ভিজিএফের চাল বিতরণে অনিয়ম: দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

  • রাজবাড়ী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ১০:৩৯ এএম
ভিজিএফের চাল বিতরণে অনিয়ম: দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য (চাল) বিতরণে অনিয়মের অভিযোগে রাজবাড়ীর কালুখালী উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

বরখাস্ত হওয়া জনপ্রতিনিধিরা হলেন রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি হাচিনা পারভীন এবং মদাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক। 

মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এই কর্মকাণ্ড স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (খ) ও (ঘ) অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হয়েছে। এর পরিপ্রেক্ষিতে একই আইনের ৩৪(১) ধারায় তাঁদের স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এ বিষয়ে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দীন জানান, গত ১২ জুলাই বরখাস্তের প্রজ্ঞাপন উপজেলা প্রশাসনের হাতে পৌঁছেছে। বর্তমানে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে চেয়ারম্যানের পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে স্থানীয় সরকার আইন অনুযায়ী বিধিমোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এম

Link copied!