ঘরে অসুস্থ বাবা, চিপস বিক্রি করে সংসার চালানোর চেষ্টা ছোট দুই শিশুর

  • ফরিদপুর প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৯, ২০২৬, ০৭:৪০ পিএম
ঘরে অসুস্থ বাবা, চিপস বিক্রি করে সংসার চালানোর চেষ্টা ছোট দুই শিশুর

ছবি : প্রতিনিধি

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিকনগর গ্রামের বাসিন্দা বলাম শেখ দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন। পরিবারের দাবি, অর্থাভাবে তাঁর চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গেছে। প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পেরে তিনি এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, সংসারের হাল ধরতে তাঁর দুই স্কুলপড়ুয়া মেয়ে মধুমতি নদীর খেওয়াঘাটে একটি ছোট ঝুড়িতে চিপস ও সিগারেট বিক্রি করছে।


সরেজমিনে দেখা যায়, পরিবারের শেষ সম্বল হিসেবে মাত্র ১ হাজার টাকার পুঁজি নিয়ে দুই বোন প্রতিদিন খেওয়াঘাটে বসে ব্যবসা করার চেষ্টা করছে। ওই টাকার মধ্যে ৫০০ টাকার চিপস ও ৫০০ টাকার সিগারেট কিনে বিক্রি করে যে সামান্য লাভ হয়, তা দিয়েই কোনো রকমে সংসার চালানোর চেষ্টা করছে পরিবারটি।

বলাম শেখের বড় মেয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোছাম্মত রুমি শেখ (১১) বলে, ‘আমাদের পরিবারের শেষ সম্বল এই এক হাজার টাকা। আমি আর আমার ছোট বোন একটি ঝুড়িতে করে কয়েক প্যাকেট সিগারেট ও কিছু চিপস নিয়ে মধুমতি খেওয়াঘাটে বিক্রি করি। এতে খুব অল্প লাভ হয়। সেই টাকাতেই সংসার চালানোর চেষ্টা করি, কিন্তু তা দিয়ে কিছুই হয় না। বাবার চিকিৎসা করানোর মতো সামর্থ্য আমাদের নেই।’

স্থানীয় বাসিন্দা গউছুর বলেন, ‘ঘটনাটি সত্য। পরিবারটি অনেক কষ্টে দিন পার করছে। অসুস্থ বলাম শেখের চিকিৎসার মতো আর্থিক সক্ষমতা তাদের নেই।’

বলাম শেখের স্ত্রী রিনা বলেন, ‘আমার স্বামী দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। এখন তিনি মৃত্যুশয্যায়। টাকা থাকলে হয়তো চিকিৎসা করিয়ে সুস্থ করার চেষ্টা করতে পারতাম, কিন্তু আমাদের সেই সামর্থ্য নেই। আমার দুই মেয়ে—একজন তৃতীয় শ্রেণিতে পড়ে, আরেকজন ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তারা ৫০০ টাকার চিপস আর ৫০০ টাকার সিগারেট কিনে খেওয়াঘাটে বিক্রি করে। এতে যে সামান্য লাভ হয়, তা দিয়েই কোনোভাবে সংসার চলে। কিন্তু আমার স্বামীর চিকিৎসা করানোর মতো টাকা নেই।

তিনি বলেন, হাসপাতালে নিয়ে যাওয়ার গাড়িভাড়াও জোগাড় করতে পারি না। আমার একটি ছোট ছেলে আছে। অসুস্থ স্বামী ও ছোট ছেলেকে দেখাশোনা করতে গিয়ে অন্য কোনো কাজও করতে পারি না। সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে আমি সাহায্যের আবেদন জানাচ্ছি।

স্থানীয়দের ভাষ্য, পরিবারটি চরম মানবেতর জীবনযাপন করছে। অসুস্থ বাবার চিকিৎসা, সন্তানদের লেখাপড়া এবং নিত্যদিনের সংসার চালানো সব মিলিয়ে পরিবারটি এখন গভীর সংকটে রয়েছে। তারা সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, প্রশাসন এবং মানবিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেছেন।

পিএস

Link copied!