ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু, কেজি ৩৭ টাকা

  • জেলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬, ০৮:৪০ এএম
ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু, কেজি ৩৭ টাকা

দেশের বাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধির মধ্যে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। প্রতি কেজি মরিচের দাম পড়েছে ৩৭ টাকা।

সোমবার ভারতীয় চারটি ট্রাকে ২৯ টন ৪৪০ কেজি কাঁচা মরিচ স্থলবন্দরে প্রবেশ করে বলে জানিয়েছেন হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী উজ্জ্বল হোসেন।

আমদানির খবরে হিলি বন্দর এলাকায় খুচরা পর্যায়ে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৩৩ টাকা। সকালে যে কাঁচামরিচ ২৮০ টাকায় বিক্রি হয়েছে; সেটি বিকালে ২৫০ টাকায় নেমে আসে।

হিলি স্থলবন্দরের আমদানি কারক আমিনুল ইসলাম পলাশ বলেন, সরকারের পক্ষ থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি পাওয়ার পর ভারতের বিভিন্ন প্রদেশসহ নাসিক থেকে প্রতি টন মরিচ ৩০০ ডলার মূল্যে আমদানি করা হচ্ছে।

ডলার ১২৪ টাকা হিসাবে কেজি প্রতি মরিচের দাম পড়েছে ৩৭ টাকার কিছু বেশি।
 
উজ্জ্বল হোসেন বলেন, এ বন্দরের ৬৯ জন ব্যবসায়ী ২৯ হাজার ৭১০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতিপত্র (আইপি) পেয়েছেন; যা সোমবার থেকে শুরু হয়েছে।

সবশেষ ২০২৫ সালের ২০ নভেম্বর এ বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি করা হয়। এরপর আমদানির অনুমতিপত্র (আইপি) বন্ধ হয়ে যায়।

এম

Link copied!