বোয়ালমারীতে বাণিজ্যিকভাবে আনারস চাষ, নতুন সম্ভাবনা

  • ফরিদপুর প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২২, ২০২৬, ০৬:৫০ পিএম
বোয়ালমারীতে বাণিজ্যিকভাবে আনারস চাষ, নতুন সম্ভাবনা

ফাইল ছবি

ঐতিহ্যবাহী ধান, পাট আর শাকসবজি চাষের চেনা গণ্ডি পেরিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে শুরু হয়েছে বাণিজ্যিকভাবে আনারস চাষ। সমতল ভূমিতে ব্যতিক্রমী এই ফল চাষকে কেন্দ্র করে স্থানীয় কৃষকদের মাঝে তৈরি হয়েছে নতুন কৌতুহল ও আগ্রহ। উদ্যোগটি সফল হলে কৃষকদের আয়ের নতুন দুয়ার খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উপজেলার ঘোষপুর ইউনিয়নের চরদৈতরকাঠি গ্রামে সরজমিনে গিয়ে দেখা যায়, ২০ শতাংশ জমিতে সারিবদ্ধভাবে রোপণ করা হয়েছে ২ হাজার ৫০০টি আনারসের চারা। চারাগুলোর নিয়মিত পরিচর্যা চলছে।

জমির মালিক ও কৃষি উদ্যোক্তা আসাদুজ্জামান শেখ জানান, টাঙ্গাইলের মধুপুর থেকে চারা এনে বাড়ির পাশে জমিতে রোপণ করেছিলেন। ইতোমধ্যে তিনি ফলনে লাভবান হয়েছেন, বাজারে বিক্রি করার পাশাপাশি পাঠিয়েছেন স্বজনদের বাড়িতেও। তাঁর দাবি, প্রচলিত বাজারের আনারসের চেয়ে তাঁর খেতের আনারস তুলনামূলক বেশি মিষ্টি। লাভজনক হওয়ায় আগামীতে আবাদের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করছেন তিনি।

স্থানীয় কৃষক রবিউল জানান, বোয়ালমারীতে এমন উদ্যোগ একেবারে নতুন। এবার ফলন ভালো হওয়ায় অন্য কৃষকরাও নতুন এই চাষে উৎসাহ পাচ্ছেন, যা স্থানীয় কৃষিতে নতুন বৈচিত্র্য আনবে।

বোয়ালমারী উপজেলা কৃষি কর্মকর্তা আলভী রহমান জানান, আসাদুজ্জামানের এই সফলতায় এলাকায় দারুণ সাড়া পড়েছে। তারা সার্বিক তদারকি ও প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। মাটি, আবহাওয়া, জাত নির্বাচন ও সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে আনারস চাষ বোয়ালমারীর কৃষকদের আর্থিক স্বচ্ছলতা আনতে বড় ভূমিকা রাখবে বলে আশা স্থানীয়দের।

এসএইচ 

Link copied!