বৃষ্টির পানিতে রামেক হাসপাতালে হাঁটুপানি, রোগী-স্বজনদের ভোগান্তি

  • রাজশাহী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৬, ০৬:২৬ পিএম
বৃষ্টির পানিতে রামেক হাসপাতালে হাঁটুপানি, রোগী-স্বজনদের ভোগান্তি

ছবি : প্রতিনিধি

রাজশাহী: টানা বৃষ্টিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালজুড়ে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। হাসপাতালের জরুরি বিভাগের মূল ফটক থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও হাঁটুপানি জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল থেকেই বৃষ্টির পানিতে হাসপাতাল চত্বরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। দীর্ঘ সময় ধরে পানি জমে থাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। দূর-দূরান্ত থেকে চিকিৎসার জন্য আসা রোগীদের হাসপাতালের ভেতরে প্রবেশ ও বের হতে নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

বিশেষ করে জরুরি বিভাগের মূল ফটক এলাকায় হাঁটুপানি থাকায় রোগী বহনকারী স্বজনদের পানি মাড়িয়ে চলাচল করতে দেখা গেছে। অনেককে রোগী নিয়ে জলাবদ্ধ স্থান পার হতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রোগী ও স্বজনদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রামেক হাসপাতাল এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। দীর্ঘ সময় পানি জমে থাকায় চিকিৎসাসেবা নিতে আসা মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

রোগী ও স্বজনদের প্রশ্ন—বৃষ্টির পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় প্রতিবছরই কেন একই ধরনের দুর্ভোগ পোহাতে হবে?
হাসপাতাল কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শামীম আহম্মেদ  বলেন, বুধবার রাতভর টানা বৃষ্টিতে রামেক হাসপাতালের গেটের সামনে ও রাস্তায় হাটুপানি জমে গেছে। এই বিষয়ে আমরা সিটি কর্পোরেশনের সহায়তা চেয়েছি। যেহেতু রাস্তায় পানি জমেছে, তাই হাসপাতালের পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হয়েছে। ফলে ডাক্তার, রোগী স্বজনসহ সকলের ভোগান্তির শিকার হতে হয়েছে। সিটি কর্পোরেশনকে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণে লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানান তিনি।

পিএস

Link copied!