চাটমোহরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • পাবনা প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০৭:৫২ পিএম
চাটমোহরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

পাবনা: পাবনার চাটমোহরে পুকুরের পানিতে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা দক্ষিণ সেনগ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত দুই শিশু হলো- ওই গ্রামের মজিবর রহমানের ছেলে হুজাইফা রহমান (৭) ও রুবেল হোসেনের ছেলে মাহফুজ (৬)। একইসঙ্গে দুই শিশুর করুণ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বজনরা জানান, শনিবার দুপুর ৩টার দিকে আটলংকা দক্ষিণ সেনগ্রামে জনু মেম্বর নামের জনৈক এক ব্যক্তির পুকুরে গোসল করতে নামে প্রতিবেশী ও সমবয়সী দুই শিশু হুজাইফা ও মাহফুজ। গোসল করার একপর্যায়ে সাঁতার না জানায় দু’জনেই পানিতে তলিয়ে যায়।

দীর্ঘসময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে নিখোঁজের ঘন্টা দুয়েক পর ওই দুই শিশু পানিতে ভেসে উঠলে দ্রুত তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, একসঙ্গে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি খুবই কষ্টদায়ক। অভিভাবকদের আরো সচেতন হওয়া প্রয়োজন।

পিএস

Link copied!