ছবি : প্রতিনিধি
খুলনা: খুলনার চাঞ্চল্যকর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যা মামলার অন্যতম আসামি হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে র্যাব-৬ ও ৮-এর যৌথ অভিযানে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার কুড়িয়ানা আদাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাসনাত হাবিব রিফাত খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী (এফএমআরটি ডিসিপ্লিনের ১৬তম ব্যাচ)। তিনি সিরাজগঞ্জ সদর থানার গুনেরগাতি এলাকার মনোয়ার হোসেনের ছেলে।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আজমুল হোসেন হত্যা মামলার অন্যতম আসামি রিফাত ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে খুলনা ও বরিশাল র্যাবের যৌথ দল পিরোজপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত আজমুল হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রিফাতকে হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর রাতে চুরির অপবাদ ও নানা অভিযোগে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আজমুল হোসেনকে মেসের ছাদে নিয়ে নির্যাতন করা হয়। পরবর্তীতে ভবনের নিচে পড়ে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা চার শিক্ষার্থীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে হরিণটানা থানায় হত্যা মামলা দায়ের করেন।
পিএস