ছবি : প্রতিনিধি
ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আনিচ হাওলাদার (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তার আনিচ হাওলাদার উপজেলার সদর ইউনিয়নের পূর্ব আঙ্গারিয়া এলাকার মৃত মোক্তার আলী হাওলাদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিশুটির মা প্রবাসে থাকায় সে নানাবাড়িতে থাকত। অভিযুক্ত আনিচ হাওলাদার শিশুটির পরিবারের পূর্বপরিচিত। পূর্বসম্পর্কের সুবাদে তিনি প্রায়ই ওই বাড়িতে যাওয়া-আসা করতেন।
অভিযোগে বলা হয়, গত ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে পূর্ব আঙ্গারিয়া এলাকায় একটি কলাবাগানের পাশে শিশুটিকে প্রথমবার ধর্ষণচেষ্টা করা হয়। পরবর্তীতে গত ১১ অক্টোবর দুপুর ৩টার দিকে অভিযুক্ত ব্যক্তি তাঁর নিজের দোকানে ডেকে নিয়ে শিশুটির ওপর পুনরায় একই ধরনের অপচেষ্টা চালান।
এজাহারে আরও উল্লেখ করা হয়, দ্বিতীয় দফায় ঘটনার সময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরিস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি সটকে পড়েন। পরে শিশুটি বিষয়টি তার পরিবারের সদস্যদের জানালে তার বাবা রাজাপুর থানায় লিখিত অভিযোগ করেন।
বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, “ধর্ষণচেষ্টার মামলায় অভিযুক্ত আনিচ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাঁকে ঝালকাঠি আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
পিএস