লক্ষ্মীপুরে মাদরাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

  • লক্ষ্মীপুর প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৬, ০২:০৩ পিএম
লক্ষ্মীপুরে মাদরাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ছবি : প্রতিনিধি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি হাফেজিয়া মাদ্রাসার আবাসিক এক শিক্ষার্থীকে (৯) দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় করা অভিযোগের ভিত্তিতে মাওলানা ইব্রাহিম নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। অপর অভিযুক্তকে আটক করা যায়নি।

শনিবার (২৪ অক্টোবর) শিক্ষার্থীর মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ করেন। ওই দিন বিকেল চারটার দিকে মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষক ইব্রাহিমকে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের একটি হাফেজিয়া মাদ্রাসায়।

অভিযোগ অনুযায়ী, মাদ্রাসাটির আবাসিক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে দুই ব্যক্তি পালাক্রমে যৌন নিপীড়ন করে আসছিলেন।

শিক্ষার্থীর মা বলেন, ছেলেকে কোরআনে হাফেজ করার উদ্দেশ্যে মাদ্রাসাটির আবাসিক বিভাগে ভর্তি করেছিলেন তিনি। ইতিমধ্যে তার ছেলে পবিত্র কোরআনের চার পারা হিফজ করেছে। কিন্তু দুই ব্যক্তির বিরুদ্ধে ছেলেকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানান তিনি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব সাংবাদিকদের বলেন, অভিযোগের ভিত্তিতে মাওলানা ইব্রাহিমকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

এসআই

Link copied!