ছবি: প্রতিনিধি
ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ হাসি আক্তার (৩২) নামের এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর স্বামীর বসতঘরে অভিযান চালিয়ে জাল নোট ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর স্বামী মো. কাওসার খান (৩৫) পালিয়ে যান।
গতকাল বুধবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার ৮ নম্বর ধানসিঁড়ি ইউনিয়নের ভাটারাকান্দা এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল কাওসার খানের বসতঘরে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে ৫০০ টাকার ৯২টি এবং ১ হাজার টাকার একটি জাল নোট উদ্ধার করা হয়। এসব নোটের মোট মূল্য ৪৭ হাজার টাকা। এ ছাড়া একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক হাসি আক্তার ভাটারাকান্দা এলাকার বাসিন্দা। এ ঘটনায় তাঁর স্বামী মো. কাওসার খান পলাতক রয়েছেন।
এ ঘটনায় এসআই মো. হুমায়ুন কবির বাদী হয়ে হাসি আক্তার, কাওসার খান এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে ঝালকাঠি সদর থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫এ(বি)/২৫ডি ধারায় মামলা করেছেন।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটক নারীকে আজ বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
এসএইচ