আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত গ্রেপ্তার

  • বরিশাল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৬, ০৬:১৫ পিএম
আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত গ্রেপ্তার

ছবি : প্রতিনিধি

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাতকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এই নেতাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামে নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মিন্টু সেরনিয়াবাত ওই গ্রামের মৃত ফজলুল হক সেরনিয়াবাতের ছেলে।

পুলিশ জানান, সম্প্রতি উপজেলার সেরাল গ্রামে জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টির উদ্দেশ্যে সড়কে মিছিল করার প্রস্তুতি নেওয়ার অভিযোগ ওঠে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি হিসেবে মিন্টু সেরনিয়াবাতকে গ্রেপ্তার করা হয়েছে।

বরিশাল আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মিন্টু সেরনিয়াবাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটির আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত মিন্টু সেরনিয়াবাতের বক্তব্য পাওয়া যায়নি।

পিএস

Link copied!