ছবি : প্রতিনিধি
ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়ায় বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় আনোয়ার হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ডোপ টেস্টে মাদক সেবনের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০:১০ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল কাঁঠালিয়া উপজেলার ১ নম্বর চেচঁরী রামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামে এই অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশের এসআই (নিঃ) মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মহিষকান্দি এলাকার ধৃত আসামি আনোয়ার হোসেনের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় তাঁকে নেশাজাতীয় দ্রব্য সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ডোপ টেস্টের মাধ্যমে আসামির শরীরে অবৈধ ‘অ্যাম্পেটামিন (ICT)’ এর উপস্থিতি পজেটিভ পাওয়া যায়।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. হুমায়ুন কবির বাদী হয়ে আসামির বিরুদ্ধে কাঁঠালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় একটি নিয়মিত এজাহার দায়ের করেছেন।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন কাঁঠালিয়া উপজেলার চেচঁরী রামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. ইউনুস হাওলাদারের ছেলে।
পিএস