ছবি: প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নেশাজাতীয় দ্রব্য সেবনরত অবস্থায় মো. আপন রহমান সজীব (২৭) নামের এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পরে ডোপ টেস্টে তাঁর শরীরে অবৈধ ক্যানাবিনয়েডসের উপস্থিতি পজিটিভ শনাক্ত হওয়ায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
বুধবার সকালে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বহরামপুর এলাকার মো. আলতাফ হোসেন হাওলাদারের দোকানের পূর্ব পাশের ইটের রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আপন রহমান সজীব নলছিটি উপজেলার ভৈরবপাশা এলাকার মৃত শামসুল হক ও মনজুরা বেগম দম্পতির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার একটি দল গত ৪ নভেম্বরের একটি সাধারণ ডায়েরি মূলে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বহরামপুর এলাকায় অভিযান চালিয়ে সজীবকে নেশাজাতীয় দ্রব্য সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাঁর ডোপ টেস্ট করা হলে প্রতিবেদন পজিটিভ আসে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল বাদী হয়ে নলছিটি থানায় একটি নিয়মিত এজাহার দায়ের করেছেন।
এসএইচ