টেন্ডার নিয়ে স্বাস্থ্য কর্মকর্তা মিথ্যা অভিযোগ তুলেছেন: যুবদল নেতা পিন্টু

  • পাবনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৬, ০৩:০৬ পিএম
টেন্ডার নিয়ে স্বাস্থ্য কর্মকর্তা মিথ্যা অভিযোগ তুলেছেন: যুবদল নেতা পিন্টু

ছবি: প্রতিনিধি

হাসপাতালের টেন্ডারে অনিয়ম ও দুর্নীতি ধামাচাপা দিতে স্বাস্থ্য কর্মকর্তা তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলেছেন বলে দাবি করেছেন সুজানগর উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু। নিয়মবহির্ভূতভাবে পছন্দের লোকজনকে ঠিকাদারি কাজ পাইয়ে দিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নিজেই অনিয়মের আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ তাঁর।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে পাবনার সুজানগর পৌর সুপার মার্কেটে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সিদ্দিকুর রহমান পিন্টু। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুপ্রভা রাণীর করা অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদও জানান তিনি।

সংবাদ সম্মেলনে সিদ্দিকুর রহমান পিন্টু অভিযোগ করেন, সম্প্রতি সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএসআর খাতের ছয়টি প্যাকেজে দরপত্র আহ্বান করা হয়। ডা. সুপ্রভা রাণী দরপত্রে এমন শর্ত জুড়ে দেন যে সুজানগর ও পাবনার উপযুক্ত লাইসেন্সধারী ঠিকাদারেরাও দরপত্র জমা দিতে পারেননি। এমনকি তিনি নিয়ম থাকলেও কোনো বিশেষজ্ঞ চিকিৎসককে না রেখে নিজের মতো করে টেন্ডার যাচাই-বাছাই কমিটি গঠন করেন। দরপত্র জমাদানকারীরা সুপ্রভা রাণীর পরিচিত এবং তাঁর স্বামীর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, এসব অনিয়ম ও দুর্নীতি নিয়ে তিনি শুধু তাঁর কাছে জানতে চেয়েছিলেন, এর চেয়ে বেশি কিছু নয়। কিন্তু ওই কর্মকর্তা নিজের অনিয়ম ও দুর্নীতি ঢাকতে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছেন। তিনি এমনিতেই নিয়মিত হাসপাতালে আসেন না এবং টেন্ডারে অনিয়মের পর থেকেই ছুটিতে আছেন। অথচ তিনি গণমাধ্যমে মিথ্যা অভিযোগ করেছেন যে তাঁর (পিন্টু) ভয়ে তিনি হাসপাতালে যেতে পারছেন না।

সংবাদ সম্মেলনে সুজানগর উপজেলা বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নাদের হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, এস এম রাসেল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সুজানগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুপ্রভা রাণী বলেন, তিনি কোনো ধরনের অনিয়ম করেননি। কেউ অভিযোগ করতেই পারে, কিন্তু তা প্রমাণ করতে হবে। তিনি ছুটিতে থাকার বিষয়ে বলেন, তিনি অফিসে যেতে পারছেন না বলেই ছুটিতে আছেন।

এসএইচ 

Link copied!