মেঠোপথ পেরিয়ে মহাকাশের স্বপ্নজয়, নাসায় চ্যাম্পিয়ন জাজিরার রমজান

  • শরীয়তপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০৮:২৭ পিএম
মেঠোপথ পেরিয়ে মহাকাশের স্বপ্নজয়, নাসায় চ্যাম্পিয়ন জাজিরার রমজান

ছবি : প্রতিনিধি

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা উপজেলার প্রত্যন্ত গ্রাম্য এলাকা পালেরচর। এই এলাকার সাধারণ একটি পরিবারে বেড়ে ওঠা তরুণ মো. রমজান মিয়ার। মেঠোপথ আর গ্রামীণ পরিবেশে কেটেছে তাঁর শৈশব-কৈশোর। স্থানীয় বিদ্যালয়ে পড়াশোনা শুরু করে পেরিয়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের গণ্ডি। এরপর ভর্তি হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে। সেই প্রত্যন্ত গ্রামের ছেলেই এবার নিজের মেধা, পরিশ্রম আর প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী চিন্তার মাধ্যমে জায়গা করে নিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬’-এর আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে রমজানের দল ‘গ্যালাকটিক পোয়েট’। তাঁদের উদ্ভাবনী প্রকল্প ‘রোভার ভিলা’ বিচারকদের নজর কেড়েছে। এই অর্জনের মধ্য দিয়ে বৈশ্বিক পর্যায়ের প্রতিযোগিতায় নিজেদের প্রকল্প তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে দলটির সামনে। আর গ্রামের এক তরুণের এমন সাফল্যে গর্বিত তাঁর পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ পুরো জাজিরার মানুষ।

রমজান মিয়ার বাড়ি জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের মহিউদ্দিন হাওলাদার কান্দি গ্রামে। তিনি ওই গ্রামের মোহাম্মদ মাসুদুজ্জামান দাদনের ছেলে। সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন তিনি। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগে স্নাতক পর্যায়ে অধ্যয়ন করছেন।

গত ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত নাসার আন্তর্জাতিক হ্যাকাথন ‘স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬’-এ অংশ নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের পাঁচ শিক্ষার্থীর দল ‘গ্যালাকটিক পোয়েট’। দলটিতে রমজান ছাড়াও ছিলেন দলনেতা মুয়াম্মার তাজওয়ার আসফি, অতসী শর্মা, সুস্মিতা ঘোষ ও জিহাদ রহমান।

প্রতিযোগিতায় দলটির প্রকল্পের নাম ‘রোভার ভিলা’। মহাকাশ অভিযানে ব্যবহৃত রোবট, রোভার, ল্যান্ডার ও প্রোবের ইতিহাস সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরার চিন্তা থেকেই প্রকল্পটি তৈরি করেন তাঁরা। এটি মূলত জাদুঘরধর্মী একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। যেখানে মহাকাশ অভিযানে ব্যবহৃত বিভিন্ন অনুসন্ধানী যন্ত্রের কার্যক্রম, অভিযান, সাফল্য ও অবদানের ইতিহাস সংরক্ষণ এবং উপস্থাপনের ব্যবস্থা রয়েছে।

দলটির লক্ষ্য, মহাকাশবিজ্ঞানের জটিল বিষয়গুলোকে সহজ ও আকর্ষণীয়ভাবে সবার সামনে তুলে ধরা। স্কুলপড়ুয়া শিশু থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা মহাকাশবিজ্ঞানে আগ্রহী যে কেউ এই প্ল্যাটফর্মের মাধ্যমে জানতে পারবেন পৃথিবীর বাইরে পাঠানো বিভিন্ন যন্ত্রের অভিযান ও সাফল্যের গল্প। যেসব রোবট ও অনুসন্ধানী যান মানুষের নাগালের বাইরে, দূর মহাকাশে পৌঁছে নতুন নতুন তথ্য সংগ্রহ করেছে, সেগুলোর অবদান মানুষের কাছে পৌঁছে দেওয়াই ‘রোভার ভিলা’র মূল উদ্দেশ্য।

গত ১৭ নভেম্বর ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) মিলনায়তনে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে ময়মনসিংহ অঞ্চলের চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয় ‘গ্যালাকটিক পোয়েট’ দলের নাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির উপাচার্য সাইফুল ইসলাম এবং ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট পরিচালক স্কট হার্টম্যান।

দলটির দলনেতা মুয়াম্মার তাজওয়ার আসফি বলেন, ‘এই জয় আমাদের পুরো দলের কাছে অনেক বড় পাওয়া। আমরা যেখানে কখনো যেতে পারিনি, এই যন্ত্রগুলো সেখানে পৌঁছে গেছে। আমরা চেয়েছি, স্কুলের শিশুরা যেমন মহান মানুষদের গল্প জানে, তেমনি এই যন্ত্রগুলোর গল্পও জানুক। ওদের অভিযান শেষ হয়েছে, কিন্তু গল্প শেষ হয়নি। সেই গল্প আমরা মানুষের কাছে পৌঁছে দিয়ে যাব।’

নাসার এই প্রতিযোগিতায় দলনেতা আসফিরও রয়েছে সাফল্যের পূর্ব অভিজ্ঞতা। ২০২৪ সালের নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘কোয়ান্টাম ভয়েজার’ দলের সদস্য ছিলেন তিনি। এবার তাঁর নেতৃত্বেই নতুন দল ‘গ্যালাকটিক পোয়েট’ আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার দলটির সামনে বৈশ্বিক পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ। আগামী ৩ ডিসেম্বর গ্লোবাল রাউন্ডের জন্য নির্বাচিত দলগুলোর নাম ঘোষণার কথা রয়েছে। সেখানে জায়গা করে নিতে পারলে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে নিজেদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের সুযোগ পাবেন রমজান ও তাঁর সতীর্থরা। তাই এখন তাঁদের মূল লক্ষ্য বৈশ্বিক পর্যায়েও ভালো ফল অর্জন করা।

নিজের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন রমজান মিয়া। সেখানে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এ চ্যাম্পিয়ন হতে পেরে আমরা অনেক আনন্দিত ও গর্বিত। টানা কয়েক দিনের চিন্তাভাবনা, পরিকল্পনা ও কোডিংয়ের পর আমাদের এই অর্জন এসেছে। পুরো দল অসাধারণ পরিশ্রম করেছে। আমাদের মেন্টর ও বিচারকদের প্রতিও কৃতজ্ঞতা, তাঁরা আমাদের কাজ ও পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে সহযোগিতা করেছেন। এবার আমাদের লক্ষ্য বৈশ্বিক পর্যায়ে ভালো কিছু করা। গ্লোবাল রাউন্ডে যেন সফল হতে পারি, সে জন্য সবার কাছে দোয়া চাই।’

রমজানের এমন আন্তর্জাতিক সাফল্যে আনন্দিত তাঁর শৈশবের শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও। বিদ্যালয়টির শিক্ষক শেখর প্রসাদ ভৌমিক বলেন, ‘রমজান আমাদের বিদ্যালয়ের ২০১৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী। সে আমার সরাসরি ছাত্র ছিল। তার এমন আন্তর্জাতিক অর্জনে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। একটি প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থী হয়ে নিজের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সে আজ আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করেছে, যা আমাদের বিদ্যালয়ের জন্যও অত্যন্ত গর্বের বিষয়। আমি আশা করি, রমজান ভবিষ্যতেও তার মেধা ও সৃজনশীলতা দিয়ে দেশের মুখ উজ্জ্বল করবে। তার জন্য আমার আন্তরিক শুভকামনা ও আশীর্বাদ রইল।’

পালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফরাজি বলেন, ‘রমজান আমার ইউনিয়নের গর্ব। প্রত্যন্ত এলাকার একটি গ্রামের ছেলে আজ আন্তর্জাতিক অঙ্গনে নিজের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছে, এটি আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। আমি আশা করি, রমজান ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে এবং নিজের মেধা ও উদ্ভাবনী প্রতিভা দিয়ে দেশের জন্য, এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তার এ অর্জন এলাকার অন্য তরুণদেরও স্বপ্ন দেখতে এবং নিজেদের যোগ্যতা প্রমাণে অনুপ্রাণিত করবে। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’

উল্লেখ্য, পৃথিবী ও মহাকাশবিষয়ক নানা সমস্যা চিহ্নিত করে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী সমাধান তৈরির লক্ষ্য নিয়ে প্রতিবছর ‘স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’ আয়োজন করে নাসা। এবারের প্রতিযোগিতা বিশ্বের ১১০টির বেশি দেশ ও অঞ্চলের প্রায় ৬০০টি স্থানীয় আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশেও নয়টি স্থানীয় আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

জাজিরার প্রত্যন্ত গ্রামের মেঠোপথ থেকে শুরু করে আন্তর্জাতিক প্রতিযোগিতার আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়া- রমজান মিয়ার এই পথচলা নিঃসন্দেহে অনুপ্রেরণার। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত কিংবা পারিবারিক গর্বের বিষয় নয়; এটি জাজিরা, শরীয়তপুরসহ পুরো দেশের জন্যই আনন্দের। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও মেধা, অধ্যবসায় ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে যে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করা সম্ভব, রমজান তার উজ্জ্বল উদাহরণ। তাঁর এই সাফল্য এলাকার নতুন প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের পথে এগিয়ে যেতে উৎসাহিত করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

পিএস

Link copied!