ছবি : প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ: বাস মালিক ও সড়ক পরিবহন মালিক সমিতির মধ্যে চাঁদা আদায় নিয়ে বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোনো দূরপাল্লার রুটেই বাস ছেড়ে যায়নি। ফলে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বাস টার্মিনালে এসে অপেক্ষা করছেন অনেক যাত্রী। কেউ কেউ বাধ্য হয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগে প্রতিটি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা আদায় করা হতো। তবে সম্প্রতি তা বাড়িয়ে ১৫০ টাকা দাবি করছে সড়ক পরিবহন মালিক সমিতি। এ নিয়ে আপত্তি জানিয়ে বাস চলাচল বন্ধ রেখেছেন বাস মালিকরা।
যাত্রীরা জানান, হঠাৎ করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় তারা চরম বিপাকে পড়েছেন। অনেকেই জরুরি কাজে ঢাকা, রাজশাহীসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বাস টার্মিনালে এসে দীর্ঘ সময় অপেক্ষা করছেন। কিন্তু বাস না ছাড়ায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কেউ কেউ বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে যাওয়ার চেষ্টা করছেন। দ্রুত মালিকপক্ষের বিরোধ মিটিয়ে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নান্নু মিয়া বলেন, সব বাস চলাচল বন্ধ নেই। চাঁদা আদায় নিয়ে কিছুটা ঝামেলা হয়েছে।
এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। দ্রুত এ সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।
পিএস