থানা কম্পাউন্ডে ভিডিও ধারণ করায় সাবেক শিবির নেতা গ্রেপ্তার!

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৭:৪৫ পিএম
থানা কম্পাউন্ডে ভিডিও ধারণ করায় সাবেক শিবির নেতা গ্রেপ্তার!

ছবি : প্রতিনিধি

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী মডেল থানা কম্পাউন্ডে (চত্বরে) পুলিশের নিষেধ অমান্য করে ভিডিও ধারণ ও ছবি তোলায় মো. রায়হান (২৬) নামে এক সাবেক শিবির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে থানা কম্পাউন্ডে এ ঘটনা ঘটে।

রায়হান হাটহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ডের ফটিকা হাদী চৌধুরীর বাড়ির মো. আবুল কালামের ছেলে। সে হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি বলে জানা গেছে।

এ ব্যাপারে হাটহাজারী উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত রায়হান এক সময়ে হাটহাজারী কলেজের ছাত্র শিবিরের সভাপতি ছিলো। তবে বর্তমানে তার কোন পদ-পদবী নেই।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, মঙ্গলবার দুপুরে পৌরসভার আলীপুরে তানভির নামে এক স্কুল ছাত্র হত্যার ঘটনায় জড়িত গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের বিজ্ঞ আদালতে নেয়া হচ্ছিল। ওই সময় হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি রায়হানকে ছবি তোলা ও ভিডিও ধারণ করতে থানা পুলিশের এক অফিসার নিষেধ করেন। এতে সে চড়াও হয়ে পুলিশের উপর আক্রমণ করে এবং পুলিশি কাজে বাধা প্রদান করায় তাকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া সাম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন শেষে ভোট গণনার সময় ১ নাম্বার গেটে এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পিএস

Link copied!