সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব: বাণিজ্য উপদেষ্টা 

  • নেত্রকোনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৭:২১ পিএম
সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব: বাণিজ্য উপদেষ্টা 

ছবি: প্রতিনিধি

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বিচারালয়, প্রশাসন ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দুর্বৃত্তায়নের মাধ্যমে ক্যান্সারে পরিণত করেছেন। এর ফলে সমাজে বিভাজন সৃষ্টি হয়েছে এবং রাষ্ট্রীয় কাঠামো দুর্বল হয়ে পড়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে নেত্রকোনার পূর্বধলা উপজেলার হিরণপুর বাজারে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করতে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “৩৫টি রাজনৈতিক দল একত্রিত হয়ে ৭২টি সভা করেছে এবং ৮৪টি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। এটি আমাদের সামনে একটি ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। এখন প্রশ্ন হলো—আপনি কি এই ঐকমত্যের পক্ষে ‘হ্যাঁ’ বলবেন? আপনি কি বৈষম্যহীন রাষ্ট্র চান? দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হোক চান? আপনার সমস্যাগুলোর সমাধানের ভিত্তি হিসেবে কি আপনি সংবিধান সংস্কার সমর্থন করবেন? যদি এসব চান, তাহলে সংবিধান সংস্কারের প্রক্রিয়ায় সকলের অংশগ্রহণ জরুরি।”

তিনি সবাইকে গণভোটে অংশ নিয়ে ‘টিক’ চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান।

পরে উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ে গণভোট বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসএইচ 

 

Link copied!