চুয়াডাঙ্গার দুই আসনে ছয় প্রার্থীর প্রতীক চূড়ান্ত

  •  চুয়াডাঙ্গা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৩:২০ পিএম
চুয়াডাঙ্গার দুই আসনে ছয় প্রার্থীর প্রতীক চূড়ান্ত

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ছয় প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

বৃহস্পতিবার ২১ জানুয়ারি সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসের আয়োজনে প্রতীক বরাদ্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের প্রস্তাবক ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

রিটার্নিং কর্মকর্তার ঘোষণায় চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শরীফুজ্জামান শরীফকে ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে দাঁড়িপাল্লা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ জহুরুল ইসলামকে হাতপাখা প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

অন্যদিকে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবুকে ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিনকে দাঁড়িপাল্লা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ হাসানুজ্জামান সজীবকে হাতপাখা প্রতীক দেওয়া হয়েছে।

প্রতীক বরাদ্দ শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে সকল প্রার্থীকে নির্দেশনা দেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা তৎপর রয়েছে।আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট পেপারের মাধ্যমে এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এসএইচ 

Link copied!