প্রতীকী ছবি
যশোরের সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নে জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর উত্তেজিত জনতার গণপিটুনিতে হামলাকারীও নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত রফিকুল ইসলাম যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে। আর গণপিটুনিতে নিহত ব্যক্তি একই গ্রামের হযরত আলীর ছেলে আব্দুল আলিম পলাশ।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে সলুয়া কলেজের সামনে ধারালো অস্ত্র দিয়ে রফিকুল ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করেন পলাশ। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পলাশকে ধরে গণপিটুনি দিলে তিনিও গুরুতর আহত হন। পরে দুজনকেই যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রফিকুলকে আহত অবস্থায় এবং পলাশকে মৃত অবস্থায় পান।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বলেন, বিকেল পাঁচটার দিকে রফিকুলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। অন্যদিকে পলাশকে মৃত অবস্থায় পাওয়া যায়। দুজনের মরদেহই ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রফিকুল ও পলাশের মধ্যে গত প্রায় দুই বছর ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, দুজনের মধ্যে জায়গাজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। বাড়ি ফেরার পথে পলাশ ধারালো অস্ত্র দিয়ে রফিকুলকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা পলাশকে গণপিটুনি দিলে দুজনই মারা যান। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :