আগৈলঝাড়ায় সেনাবাহিনীর কড়া অভিযান, মাদক ও অস্ত্রসহ অপরাধী আটক

  • বরিশাল প্রতিনিধি   | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৩:০১ পিএম
আগৈলঝাড়ায় সেনাবাহিনীর কড়া অভিযান, মাদক ও অস্ত্রসহ অপরাধী আটক

ছবি : প্রতিনিধি

বরিশাল: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় পরিচালিত এক বিশেষ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ একজন চিহ্নিত অপরাধীকে আটক করা হয়েছে।

সেনা সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ৩টার দিকে আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। ৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আগৈলঝাড়া আর্মি ক্যাম্পের একটি দল অভিযানে অংশ নেয়। অভিযানের নেতৃত্ব দেন মেজর ইয়াসির আরাফাত।

অভিযান চলাকালে মিরাজ (২২) নামের এক যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন। এ সময় তার কাছ থেকে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ১০০ গ্রাম গাঁজা, বিভিন্ন ধরনের মাদক সেবনের সরঞ্জাম এবং একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর এই অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আটককৃত ব্যক্তিকে পরবর্তীতে আগৈলঝাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র সংক্রান্ত আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমদ, পিএসসি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের যানমাল ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিয়মিত টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো পরিস্থিতিতে সেনাবাহিনী সর্বদা তৎপর রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পিএস

Link copied!