ছবি : প্রতিনিধি
বরগুনা: বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকে জেলা প্রশাসককে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে এক যুবককে আটক করেছে বরগুনা থানা পুলিশ। এ ঘটনায় জেলা প্রশাসক কার্যালয়ের এক অফিস সহকারী আহত হয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে এ ঘটনা ঘটে।
হামলায় আহত হন জেলা প্রশাসকের গোপনীয় শাখার অফিস সহকারী জহিরুল ইসলাম। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
আটক যুবকের নাম ইব্রাহিম (৩০)। তিনি বরগুনা সদর উপজেলার বাশবুনিয়া গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে।
আহত জহিরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টা থেকে অভিযুক্ত ইব্রাহিম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘোরাঘুরি করছিল এবং বারবার জেলা প্রশাসকের বিষয়ে খোঁজ নিচ্ছিল। সকাল ১০টায় অফিস খোলার পর সে হঠাৎ তাকে ধাক্কা দিয়ে অফিসের ভেতরে ঢুকে পড়ে এবং দৌড়ে জেলা প্রশাসকের কক্ষে প্রবেশের চেষ্টা করে।
তিনি আরও জানান, সন্দেহ হলে ইব্রাহিমের কোমরে উঁচু ভাব লক্ষ্য করে সেখানে হাত দিলে একটি টিউবওয়েল খোলার রেঞ্চ (দেশীয় অস্ত্র) পাওয়া যায়। অস্ত্রটি কেড়ে নেওয়ার চেষ্টা করলে ইব্রাহিম সেটি ছিনিয়ে নিয়ে তার ওপর আঘাত করে। পরে উপস্থিত কর্মকর্তাদের সহযোগিতায় তাকে আটক করা হয় এবং পুলিশে সোপর্দ করা হয়।
বরগুনা থানা পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয় থেকে ইব্রাহিমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করা হচ্ছে।
বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস জানান, ঘটনার সঙ্গে সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পিএস
আপনার মতামত লিখুন :