ছবি : প্রতিনিধি
বরগুনা: বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ বরগুনার পাথরঘাটার পাঁচ জেলের মধ্যে সাইফুল মীর নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ডুবে যাওয়া ট্রলারের কাছ থেকে মরদেহটি উদ্ধার করেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির উদ্ধারকারী দলের সদস্যরা। পরে বুধবার (২৬ আগস্ট) সকালে মরদেহটি পাথরঘাটায় নিয়ে আসা হয়।
নিহত সাইফুল মীর পাথরঘাটা উপজেলার গহরপুর গ্রামের বাসিন্দা।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি ও জেলা সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে ট্রলারডুবির পর নিখোঁজ জেলেদের উদ্ধারে পাথরঘাটা থেকে দুটি ট্রলার পাঠায় জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি। মঙ্গলবার বিকেলে একটি উদ্ধারকারী ট্রলার ডুবে যাওয়া ট্রলারের কাছে পৌঁছালে নিখোঁজ জেলে সাইফুল মীরের মরদেহ পানিতে ভাসতে দেখা যায়। পরে উদ্ধারকারী দলের সদস্যরা মরদেহটি উদ্ধার করে ট্রলারে নিয়ে আসেন।
তবে বৈরী আবহাওয়ার কারণে ডুবে যাওয়া ট্রলারের ভেতরে তল্লাশি চালানো সম্ভব হয়নি। ফলে ট্রলারের ভেতরে আরও কোনো মরদেহ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, “ডুবে যাওয়া ট্রলারের অবস্থান আমরা শনাক্ত করেছি। ইতোমধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়ভাবে ডুবুরি নামানো হয়েছে এবং নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”
পিএস