সুবর্ণচরে মা-মেয়ে ধর্ষণ মামলার আসামি আ.লীগ নেতা ধানের শীষের প্রচারণায়

  • সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৯:৪০ এএম
সুবর্ণচরে মা-মেয়ে ধর্ষণ মামলার আসামি আ.লীগ নেতা ধানের শীষের প্রচারণায়

নোয়াখালীর সুবর্ণচরে চাঞ্চল্যকর মা–মেয়ে গণধর্ষণ মামলার প্রধান আসামি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা আবুল খায়ের মুন্সি ওরফে ‘মুন্সিয়া চোরা’কে বিএনপির নির্বাচনি প্রচারণায় দেখা যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের আল-আমিন বাজারে ধানের শীষের নির্বাচনি কার্যালয়ে তার উপস্থিতির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে আল-আমিন বাজারে অবস্থিত বিএনপির নির্বাচনি কার্যালয়ে বসে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে প্রচারণা সংক্রান্ত আলোচনা করছিলেন চরওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মুন্সি। এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি কর্মী গোপনে তার ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

আওয়ামী লীগের এই বিতর্কিত নেতার আকস্মিক বিএনপি-ঘেঁষা অবস্থান নিয়ে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে তীব্র অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিযোগ করছেন, কোনো অনৈতিক সমঝোতা বা সুবিধার বিনিময়ে এমন একজন চিহ্নিত ও ঘৃণিত ব্যক্তিকে প্রচারণায় যুক্ত করা হয়েছে, যা দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করতে পারে।

এ বিষয়ে চরওয়াপদা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অলি উদ্দিন সেলিম বিস্ময় প্রকাশ করে বলেন,
“কে বা কারা আবুল খায়ের মুন্সিকে বিএনপির নির্বাচনি প্রচারণায় এনেছে, তা আমার জানা নেই। তবে একজন চিহ্নিত ধর্ষণ মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা যদি বিএনপির হয়ে প্রচারণা চালায়, তাহলে সাধারণ ভোটাররা দল থেকে মুখ ফিরিয়ে নেবে—এটাই স্বাভাবিক।”

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল খায়ের মুন্সির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সুবর্ণচরের আলোচিত মা–মেয়ে গণধর্ষণ মামলার প্রধান আসামি হিসেবে আবুল খায়ের মুন্সি দীর্ঘ সময় কারাবরণ করেন। এছাড়াও তার বিরুদ্ধে এলাকায় নানা অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে স্থানীয় সূত্রে। 

এম

Link copied!