নির্বাচনী ডিউটিতে পুলিশ সদস্যদের মাঠে নামানো এবং গ্রামমুখী মানুষের অতিরিক্ত চাপের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশাপাশি ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়েতেও একই চিত্র দেখা গেছে। সহস্রাধিক বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি দীর্ঘ সময় ধরে সড়কে আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই যানবাহনের চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকায় অনেক যাত্রী গন্তব্যে পৌঁছাতে পারেননি। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো।
ট্রাফিক পুলিশ জানিয়েছে, ভোটকেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে বিপুল সংখ্যক মানুষ গ্রামে ফিরছেন। এ কারণে যানবাহনের সংখ্যা হঠাৎ বেড়ে গেলেও ট্রাফিক নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ সদস্য নেই। নির্বাচনী দায়িত্ব পালনে অধিকাংশ পুলিশ সদস্য মাঠে থাকায় সড়কে দায়িত্ব পালন করছেন মাত্র কয়েকজন।
শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ জুলহাস জানান, নির্বাচনকে কেন্দ্র করে প্রায় সব পুলিশ সদস্যকে ডিউটিতে পাঠানো হয়েছে। ফলে শিমরাইল এলাকায় মাত্র দুজন সদস্য দিয়ে ট্রাফিক সামলাতে হচ্ছে, যা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
এদিকে কাঁচপুর হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ সাহাবুর রহমান বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে চলমান সংস্কারকাজের কারণে সেখানকার যানজটের চাপ এসে পড়ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও। তার ওপর নির্বাচনী দায়িত্বে জনবল সংকট থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে। তবে সীমিত জনবল নিয়েও যানজট নিরসনের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এম
আপনার মতামত লিখুন :