ভোটের আগেই রেজাল্ট শিটে ধানের শীষ-দাঁড়িপাল্লার এজেন্টের সই

  • জেলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১১:১২ পিএম
ভোটের আগেই রেজাল্ট শিটে ধানের শীষ-দাঁড়িপাল্লার এজেন্টের সই

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ভোটগ্রহণের আগেই রেজাল্ট শিটে পোলিং এজেন্টদের সই নেওয়ার অভিযোগে তৎপর হয়েছে প্রশাসন। সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টদের সই করা ২৩টি ফাঁকা রেজাল্ট শিট জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এসব রেজাল্ট শিট জব্দ করা হয়। পরে তাৎক্ষণিকভাবে সেগুলো ছিঁড়ে ফেলা হয়। এ ঘটনায় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জেসমিন আরাকে সতর্ক করেছে প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভোটগ্রহণের আগের রাতেই ঝিনাইদহ-৪ আসনের একটি কেন্দ্র পরিদর্শনে যান ধানের শীষ প্রতীকের এক পোলিং এজেন্ট। অভিযোগ রয়েছে, ওই সময় প্রিসাইডিং অফিসার তার কাছ থেকে আগাম কয়েকটি ফাঁকা রেজাল্ট শিটে সই করিয়ে নেন। পরে দাঁড়িপাল্লা প্রতীকের আরেক এজেন্ট এসে আরও সাতটি শিটে সই করেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, নিয়ম অনুযায়ী ভোট গণনা শেষ হওয়ার পর পোলিং এজেন্টরা রেজাল্ট শিটে সই করেন। কিন্তু এখানে ভোটের আগেই সই নেওয়া হয়েছে, যা নির্বাচনবিধি পরিপন্থী। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে রেজাল্ট শিটগুলো জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এম

Link copied!