সন্ত্রাসী হামলায় গুরুতর আহত বিএনপি নেতা হেলিকপ্টারে ঢাকায়

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৬:২৬ পিএম
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত বিএনপি নেতা হেলিকপ্টারে ঢাকায়

ছবি: প্রতিনিধি

পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসিরকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় খুলনায় চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার বিকাল ৩টার দিকে তাকে রাজধানীতে স্থানান্তর করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাত ১১টার দিকে জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন মহিউদ্দিন মল্লিক নাসির (৬০) ও শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপু (৪৫)। 

আহত স্বজনদের ভাষ্য, মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা তাদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে নাসিরের দুই পা, হাত ও ঘাড়ে গুরুতর জখম হয় এবং নিপুর মাথায় আঘাত লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।

আহত নাসিরের ভাগিনা মো. মারুফ হোসেন জানান, খুলনার হাসপাতাল থেকে অবস্থার অবনতি হলে তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় পিজি মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান বলেন, হামলার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

এসএইচ 

 

Link copied!